দিরাই উপজেলার বরাম হাওরে পানি কমতে শুরু করায় কৃষকরা যখন কষ্টার্জিত ফসল ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই সক্রিয় হয়ে উঠেছে ধান লুটের চক্র। ভাঙাডহর ও ডাইয়ারগাও গ্রামের কৃষকদের জমির ধান লুটের চেষ্টার ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নৌকাযোগে একদল দুর্বৃত্ত কৃষকদের জমিতে প্রবেশ করে ধান কেটে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে স্থানীয় কৃষকরা বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
খবর পেয়ে দিরাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
স্থানীয় কৃষকদের অভিযোগ, প্রতি বছর হাওরে ফসল কাটার মৌসুমে একটি অসাধু চক্র সক্রিয় হয়ে ওঠে। প্রশাসনের নিয়মিত নজরদারি ও টহল জোরদার করা হলে এ ধরনের ঘটনা অনেকাংশে কমে আসবে বলে মনে করছেন তারা।
কৃষকের কষ্টার্জিত ফসল রক্ষায় প্রশাসনের আরও কঠোর ও কার্যকর ভূমিকা কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।