বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উদ্যোগে ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুফি ও দরবেশ শাহজালাল (রহ.) নামে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একটি কর্নার স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের ৪র্থ তলায় কর্নারটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।
উদ্বোধনকালে উপাচার্য বলেন, আজ শাবিপ্রবির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। শাবিপ্রবি প্রতিষ্ঠার ৩দশক পেরোলেও শাহজালাল (রহ.)নামে কোনো কর্নার স্থাপন করা হয়নি। আমরা আজ কর্নারটি উদ্বোধন করতে পেরে অনেক বেশি আনন্দিত।
তিনি বলেন, শাহজালাল (রহ.) কর্নার স্থাপনের উদ্দেশ্য প্রধান ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন এই মহৎ ব্যক্তি সম্পর্কে সঠিক ইতিহাস জানতে পারেন। কর্নারটিতে শাহজালাল (রহ.) উপর লিখিত বিভিন্ন বই, পুস্তকের পাশাপাশি উনার ব্যবহৃত প্রতীকী তরবারি রাখা হয়েছে।
উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ এছাক মিয়া, লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন, লাইব্রেরি প্রশাসক অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন আবাসিক হলের প্রভোস্ট বিভাগীয় প্রধান ও দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন।