
সুনামগঞ্জের শাল্লা উপজেলার ঘুঙ্গিয়ারগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এক অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। বিদ্যালয়টির মোট ১২ জন শিক্ষার্থী এবার সম্মানজনক ‘ট্যালেন্টপুল’ বৃত্তি পাওয়ার গৌরব অর্জন করেছে।
১২ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত বৃত্তি পরীক্ষার ফলাফল থেকে এই তথ্য জানা গেছে।
ঘুঙ্গিয়ারগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীরা হলো— সৌমিত্র রায় বিশ্বাস পূর্ণ, অর্ঘ্য দাশ, দিগন্ত সরকার, সৌমচাঁদ স্মরণ, স্বর্ণালী দাশ রাই, অনন্যা সরকার, পৌষী দাশ, আরোহী সরকার, শ্রেয়া রাণী দাশ, তনুশ্রী দাশ, প্রত্যাশা দাস তন্দ্রা ও চৈতি দাস।
ফলাফল পর্যালোচনায় দেখা যায়, এবার শাল্লা উপজেলায় সর্বমোট ৩২ জন শিক্ষার্থী সরকারি বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ২৭ জন শিক্ষার্থী ‘ট্যালেন্টপুল’ এবং ৫ জন শিক্ষার্থী ‘সাধারণ’ গ্রেডে বৃত্তি পেয়েছে। তবে লক্ষণীয় বিষয় হলো, চলতি বছর উপজেলার কোনো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী বৃত্তি তালিকায় স্থান করে নিতে পারেনি।
এদিকে ঘুঙ্গিয়ারগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এমন অভাবনীয় ও গৌরবোজ্জ্বল সাফল্যে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ ও এলাকাজুড়ে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।
শিক্ষার্থীদের এই অসাধারণ সাফল্যে গভীর সন্তোষ প্রকাশ করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরঞ্জিত চৌধুরী। তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন,
মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে আমাদের শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান, শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রম এবং অভিভাবকদের সচেতনতার সম্মিলিত প্রয়াসেই আজকের এই চমৎকার ফলাফল। আমি এই সাফল্যের জন্য সংশ্লিষ্ট সকল শিক্ষক, অভিভাবক ও স্নেহভাজন শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আগামীদিনেও আমাদের এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আমি দৃঢ়ভাবে আশাবাদী।"