যত্রতত্র খানাখন্দ, ভাঙাচোরা, অপ্রশস্ত সড়কে চলতে প্রতিমুহুর্তে আতঙ্ক থাকেই, নাজানি কি হয়! অথচ সড়কটি নানা কারণে খুবই গুরুত্বপূর্ণ।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, টিলাগড় ইকোপার্ক, যুব প্রশিক্ষণ কেন্দ্র, সরকারি দুগ্ধ খামারসহ আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী ও সাধরণ মানুষের চলাচলের রাস্তা সিলেট ইকোপার্ক সড়ক। সড়কটি দিনে দিনে একেবারে নাজুক অবস্থায় পৌঁছালেও তেমন কোনো উন্নয়ন কাজ হয়নি।
এবার সেটি সংস্কার ও উন্নয়নের কাজ শুরু হয়েছে। প্রায় সাড়ে ১৭ কোটি টাকা ব্যয়ে রাস্তাটি সংস্কার কাজ মঙ্গলবার সকালে উদ্বোধন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।
এসময় সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন জানান, বর্তমানে সড়কটি ১২ থেকে ১৫ ফুট পর্যন্ত প্রশস্ত। তবে এতে অসুবিধা হচ্ছে। তাই আমরা সড়কটি আরও প্রশস্ত করছি।
তিনি বলেন, সড়কটি অন্তত ২৪ ফুটে উন্নীত হবে। এর দুই পাশে ৬ ফুট করে ফুটপাতও থাকবে। সড়কটিতে প্রয়োজনীয় আলোকসজ্জার পাশাপাশি. বৃক্ষরোপন ও প্রয়োজনীয় সৌন্দর্যবর্ধনও করা হবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্টানে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলিমুল ইসলামসহ সিলেট সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।