
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শিক্ষা প্রসারের অন্যতম বাতিঘর ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান এম. সাইফুর রহমান ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবি এখন গণদাবিতে পরিণত হয়েছে। এলাকার উচ্চশিক্ষার একমাত্র নির্ভরযোগ্য এই প্রতিষ্ঠানটিকে সরকারি করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সর্বস্তরের এলাকাবাসী নিরবচ্ছিন্নভাবে দাবি জানিয়ে আসছেন।
উল্লেখ্য যে, দেশবরেণ্য অর্থনীতিবিদ ও সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম. সাইফুর রহমান এই অবহেলিত জনপদে উচ্চশিক্ষার আলো ছড়াতে কলেজটি প্রতিষ্ঠা করেছিলেন এবং তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় এটি এমপিওভুক্ত হয়। কিন্তু এই মহান নেতার মৃত্যুর পর গত প্রায় ১৮ বছর ধরে কলেজটি চরম অবহেলার শিকার হয়ে পড়ে আছে। বিগত সরকারের আমলে দেশের প্রতিটি উপজেলায় একটি করে কলেজ সরকারি করার নীতিমালা থাকলেও কোম্পানীগঞ্জ উপজেলায় সেই প্রতিশ্রুতির কোনো প্রতিফলন ঘটেনি, যা স্থানীয় জনগণের মাঝে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে।
এই বঞ্চনা দূর করতে এবং উচ্চশিক্ষার ন্যায্য অধিকার আদায়ে বিভিন্ন সময়ে মানববন্ধন, বিক্ষোভ ও মিছিলের মাধ্যমে রাজপথে সোচ্চার হয়েছেন উপজেলাবাসী। স্থানীয়দের অভিমত, কলেজটি জাতীয়করণ করা হলে শিক্ষার মান বহুগুণ উন্নত হবে এবং সরকারি সুযোগ-সুবিধার আওতায় এসে এটি একটি আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে মাথা তুলে দাঁড়াবে। বিশেষ করে এই হাওরাঞ্চল ও প্রত্যন্ত এলাকার দরিদ্র শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা অনেক বেশি সহজলভ্য এবং সাশ্রয়ী হবে, যা তাদের ভবিষ্যৎ গড়তে সহায়ক ভূমিকা পালন করবে।
একই সাথে প্রতিষ্ঠানটি সরকারি হলে কর্মরত শিক্ষক-কর্মচারীরা সরকারি বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুবিধা পাবেন, যা তাঁদের পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এলাকাবাসীর প্রত্যাশা, শিক্ষার সার্বিক মানোন্নয়ন এবং পিছিয়ে পড়া জনপদকে এগিয়ে নিতে সরকার দ্রুততম সময়ে এম. সাইফুর রহমান ডিগ্রি কলেজকে জাতীয়করণের ঘোষণা দিয়ে গণমানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি পূরণ করবে।