
সিলেট নগরীর সুবিদবাজার বনকলাপাড়া এলাকায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় রাতে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। শুক্রবার দিবাগতরাত আনুমানিক ১১টার দিকে বনকলাপাড়ার ৬৮ নম্বর গলিতে অবস্থিত মনা মিয়ার বাসায় এই আগুন লাগে।
আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। তাদের সঙ্গে স্থানীয় স্বেচ্ছাসেবীরাও দ্রুত আগুন নিয়ন্ত্রণের কাজে ঝাঁপিয়ে পড়েন। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রায় এক ঘণ্টার প্রাণান্তকর প্রচেষ্টার পর অবশেষে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন নিয়ন্ত্রণে আসায় এলাকায় স্বস্তি ফিরে আসে।
আগুন লাগার কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য না এলেও, স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, আসবাবপত্র পুড়ে ক্ষয়ক্ষতি হলেও, সৌভাগ্যক্রমে এই ঘটনায় কোনো ব্যক্তি আহত বা নিহত হননি।