
সিলেট-৪ আসনে জাতীয় পার্টির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মুজিবুর রহমান ডালিম। বর্তমানে তিনি উত্তরপূর্বাঞ্চলের জনপ্রিয় দৈনিক 'সিলেটের দিনরাত' পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনে লাঙ্গল প্রতীক নিয়ে লড়বেন তিনি।
মুজিবুর রহমান ডালিম বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারে জাতীয় ছাত্র সমাজ সিলেট জেলার তিনবারের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি এই সংগঠনের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবেও অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন। দীর্ঘ সময় ধরে গণমানুষের সঙ্গে সম্পৃক্ত থাকায় পুরো ১৭ পরগনা জুড়েই তার ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা রয়েছে।
উল্লেখ্য যে, এর আগে ২০০৬ সালেও তিনি জাতীয় পার্টির একক মনোনয়ন পেয়েছিলেন। তবে তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে পার্টি চেয়ারম্যানকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করায় দলের সিদ্ধান্তে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন। দীর্ঘ বছর পর দল তার ত্যাগ ও পরিশ্রমের মূল্যায়ন করায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।
মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মুজিবুর রহমান ডালিম মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন। তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এবং মনোনয়ন বোর্ডের সকল সদস্যের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আগামী নির্বাচনে জয়ী হতে তিনি সিলেট-৪ আসনের সর্বস্তরের ভোটার ও জনগণের দোয়া, ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত সমর্থন কামনা করেছেন।