বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ বিকেলে আরও ৩৬টি সংসদীয় আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে। দলের মহাসচিবের এই নতুন ঘোষণায় সিলেট বিভাগের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসনের প্রার্থীর নাম উঠে এসেছে।
এর মধ্যে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সুনামগঞ্জ জেলার সাবেক আহবায়ক নাছির উদ্দিন চৌধুরী।
দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই ঘোষণা আসার পর স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা সৃষ্টি হয়েছে। প্রবীণ এই নেতাকে মনোনয়ন দেওয়ায় দিরাই-শাল্লার রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।
মহাসচিব কর্তৃক ঘোষিত নতুন তালিকায় সিলেট বিভাগের আরও যে দুটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, তাঁরা হলেন: সিলেট-৪ আসনে মনোনয়ন পেয়েছেন আরিফুল হক চৌধুরী। সুনামগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।
এই মনোনয়ন ঘোষণার মাধ্যমে নির্বাচনী লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে বিএনপি। দলের হাইকমান্ড মনে করছে, অভিজ্ঞ এবং জনপ্রিয় প্রার্থীদের মনোনয়ন দেওয়ার মাধ্যমে এসব আসনে জয়ের সম্ভাবনা বাড়বে।