কার্তিকপুর পূর্বহাটিতে ঘর মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু, স্ত্রী গুরুতর আহত

কার্তিকপুর পূর্বহাটিতে ঘর মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু, স্ত্রী গুরুতর আহত

সাল্লা প্রতিনিধি:

সুনামগঞ্জের সাল্লা উপজেলার চরনাচর ইউনিয়নের কার্তিকপুর পূর্বহাটিতে ঘর মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হারিছ মিয়া (৩৫) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী কাঞ্চন মালাও গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে সিলেটের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত হারিছ মিয়া চরনাচরের কার্তিকপুর পূর্বহাটি গ্রামের মৃত মো: আজিম আলী ও জহুরা বিবির ছেলে। তিনি স্থানীয়ভাবে একজন সৎ, পরিশ্রমী দিনমজুর হিসেবে পরিচিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (১৪ জুলাই ২০২৫) দুপুরে হারিছ মিয়া নিজ ঘরের টিনের চালা মেরামত করছিলেন। কাজ করার এক পর্যায়ে ঘর বাঁধার একটি তার অসাবধানতাবশত বিদ্যুতের বোর্ডের সঙ্গে লেগে যায়। এতে সঙ্গে সঙ্গেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং নিচে পড়ে যান। তার হাতে তখনো বিদ্যুতায়িত তারটি ছিল।

এ সময় তার স্ত্রী কাঞ্চন মালা ছুটে গিয়ে স্বামীকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু পথেই হারিছ মিয়ার মৃত্যু হয়, আর কাঞ্চন মালাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট রাগীব-রাবেয়া মেডিকেলে পাঠানো হয়।

নিহত হারিছ মিয়ার পরিবারে রয়েছে স্ত্রী কাঞ্চন মালা, দুই কন্যা — সুবর্ণা (১০), সর্ণা (৬) এবং একমাত্র পুত্র সালমান (৩)। তার এই অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

প্রতিবেশীরা জানান, হারিছ একজন অত্যন্ত সৎ, সহজ-সরল ও পরিশ্রমী মানুষ ছিলেন। তার মৃত্যুতে পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।