আগামীকাল থেকে শুরু আইসিটি ফেস্ট, প্রস্তুত এসআইইউ ক্যাম্পাস

ছবি: বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সিইসি বিভাগ

আগামীকাল ১৩ অক্টোবর ২০২৫, সোমবার শুরু হতে যাচ্ছে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই-দিনব্যাপী আইসিটি ফেস্ট। আয়োজনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস আর ব্যস্ততা তুঙ্গে। বিশ্ববিদ্যালয়ের সিএসই ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা নিজ হাতে সাজাচ্ছেন ক্যাম্পাস। কম্পিউটার বিজ্ঞান বিষয়ক সৃজনশীল চিত্রকর্ম, গ্রাফিতি, রঙিন কাগজ ও নানা ধরনের ডেকোরেশনে প্রতিটি কোণায় ছড়িয়ে পড়েছে উৎসবের রঙ। অনেক শিক্ষার্থীর জন্য এটি তাদের প্রথম আইসিটি ফেস্ট। সবার মুখে একটাই কথা, এই উৎসব আমাদের।

উদ্বোধনী অনুষ্ঠানে সকাল ৯টা ৩০ মিনিটে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আশরাফুল আলম উপস্থিত থাকবেন। উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই প্রযুক্তি উৎসব। দুই দিনব্যাপী ফেস্টে থাকছে বিশ্ববিদ্যালয় অভ্যন্তরীণ প্রোগ্রামিং প্রতিযোগিতা (IUPC), আইডিয়াথন, প্রজেক্ট প্রদর্শনী, আইসিটি কুইজ এবং জনপ্রিয় গেম ভিত্তিক স্কুইড গেম। শিক্ষার্থীরা এই আয়োজনগুলিতে অংশ নিয়ে প্রযুক্তিগত দক্ষতা, দলগত কাজ এবং সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধি করবেন।

সিএসই বিভাগের ২-১ সেমেস্টারের শিক্ষার্থী ফজলে রাব্বি বলেন “আইসিটি ফেস্টের আইডিয়াথনে তারা বাস্তব জীবনের সমস্যা সমাধানের জন্য সফটওয়্যারের আইডিয়া নিয়ে কাজ করেন, যা ভবিষ্যতে তাদের দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে”।

সিএসই ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান মো. উমর ফরুক জাহাঙ্গীর বলেন, ডিপার্টমেন্ট সবসময় শিক্ষার্থী বান্ধব এবং একাডেমিক পড়াশোনার পাশাপাশি স্কিল ডেভেলপমেন্টে গুরুত্ব দেয়, আইসিটি ফেস্ট তারই ধারাবাহিকতা। তাছাড়াও এই ধরনের আয়োজনে অ্যালামনাই এবং কর্তৃপক্ষের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। এছাড়াও বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন খালেদ হোসেইন জানিয়েছেন, এই আয়োজন শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা, নেতৃত্ব এবং দলগত চেতনার এক উজ্জ্বল উদযাপন।

শুধুমাত্র আনন্দ নয়, এই আয়োজন তরুণদের জন্য একটি বিশাল শেখার সুযোগ। প্রযুক্তিকে ভালোবাসা শিক্ষার্থীদের জন্য এটি উদ্ভাবন, শেখা এবং একসাথে কাজ করার একটি দারুণ অভিজ্ঞতা হবে।