রাজনগরে পাহারার মধ্যেও দু-র্ধ/র্ষ গরু চু/রি: সহায় সম্বল হারালেন এক কৃষক

মঙ্গলবার গভীর রাতে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার পাঁচগাও ইউনিয়নের দেবীপুর গ্রামে দুর্ধর্ষ গরু চুরির ঘটনা ঘটেছে। সহায়সম্বলহীন কৃষক শিবুল দেবের গোয়ালঘর থেকে রাতের আঁধারে পাঁচটি গরু চুরি করে নিয়ে যায় চোরেরা। জানা যায়, রাত আনুমানিক দুইটা থেকে তিনটার মধ্যে এই চুরির ঘটনাটি ঘটে। গরু চুরির এই ঘটনায় শিবুল দেবের ছেলে সুভাষ দেব রাজনগর থানায় একটি মামলা দায়ের করেছেন।

শিবুল দেবের গোয়ালে মোট পাঁচটি পূর্ণবয়স্ক গরু ছিল। এর মধ্যে একটি গাভী তিনি কয়েক মাস আগে একজন প্রতিবেশীর কাছে বিক্রি করেছিলেন। কিন্তু সেই প্রতিবেশী গাভীটি লালন-পালনের জন্য শিবুল দেবের কাছেই বর্গা হিসেবে রেখেছিলেন। এই বর্গা রাখা গাভীটি বর্তমানে গর্ভবতী ছিল এবং এটি সহ সবগুলো গরু মঙ্গলবার দিবাগত রাতে চুরি হয়ে যায়।

শিবুল দেব জানান, রাত বারোটার দিকে তিনি শেষবারের মতো গোয়ালঘরে গিয়ে সব গরুর দেখভাল করে শুয়ে পড়েন। সকাল সাতটায় ঘুম থেকে উঠে গোয়ালঘরের দরজা খোলা দেখে তিনি ভাবেন, তাঁর ছেলে সুভাষ দেব হয়তো গরুগুলো মাঠে চরাতে নিয়ে গেছে। কিন্তু কিছুক্ষণ পর সুভাষকে গরুর বিষয়ে জিজ্ঞেস করলে সে জানায় যে সে মাত্র ঘুম থেকে উঠেছে এবং গরু চরাতে যায়নি। তখনই চুরির ঘটনাটি ধরা পড়ে এবং বুঝতে পারেন গোয়ালঘর শূন্য।

উল্লেখ্য, দেবীপুর গ্রামে গত দশ-বারো বছর ধরে গ্রামপঞ্চায়েতের উদ্যোগে রাত্রিকালীন পাহারার ব্যবস্থা রয়েছে। ওই রাতেও মোট নয়জন মিলে রাত বারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত পাহারায় ছিলেন। ওই রাতে পাহারার দায়িত্বে থাকা ব্যক্তিদের মধ্যে ছিলেন গোপাল বৈদ্য, রুক্মিণী নাথ, নৃপেন্দ্র নাথ, তপন নাথ, নির্মল নাথ, সুজিত দেবসহ আরও অনেকে। এত পাহারাদার থাকা সত্ত্বেও চোরেরা অনায়াসে গোয়ালঘর থেকে সবগুলো গরু চুরি করে নিয়ে যায়।

রাজনগর থানার তদন্ত কর্মকর্তা নৃপেশ দেব ভুক্তভোগীর বাড়ি পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সাথে আমলে নেওয়া হয়েছে এবং আসামিদের ধরতে দ্রুত অভিযান পরিচালিত হচ্ছে।