দিরাই-শাল্লায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যের পথে তৃণমূল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে চার ভাগে বিভক্ত হয়ে পড়া দিরাই উপজেলা বিএনপিতে এখন ঐক্যের সুর। এই ঐক্য দেখে স্থানীয় নেতাকর্মীদের মাঝে বিপুল উদ্দীপনা সৃষ্টি হয়েছে। দলীয় সূত্রে জানা যায়, এই আসনে বিএনপির মনোনয়ন পেতে সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দীন চৌধুরী, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিক মনোনয়ন পাওয়া অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল, অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি-সহ প্রায় অর্ধ ডজন নেতা চেষ্টা চালিয়েছিলেন।

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত বৃহস্পতিবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুনামগঞ্জ-২ আসনে নাছির উদ্দীন চৌধুরীকে বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করেন। দলের মনোনয়ন পাওয়ার পর নাছির চৌধুরী তার প্রথম ও প্রধান কাজ হিসেবে চার ভাগে বিভক্ত দলকে ঐক্যবদ্ধ করার জন্য উদ্যোগ নিয়েছেন।

গত সোমবার তিনি মনোনয়ন প্রত্যাশী পাবেল চৌধুরীর বাসভবনে যান। সেখানে উপস্থিত শতাধিক নেতাকর্মীর সামনে বক্তব্যে নাছির চৌধুরী আগামীতে অ্যাডভোকেট পাবেল চৌধুরীকে দলের হাল ধরার জন্য আহ্বান জানান। তিনি আরও বলেন, পাবেল চৌধুরী দীর্ঘ দিন ধরে দলকে সুসংগঠিত করতে নিরলস কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতে তিনিই দলের নেতৃত্ব দেবেন। এরপর নাছির চৌধুরী সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে একযোগে কাজ করার আহ্বান জানান।

বুধবার দিরাই ও শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক-সহ সকল পর্যায়ের নেতাকর্মীরা নাছির উদ্দীন চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান। একইসঙ্গে তারা দলের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান। এ প্রসঙ্গে নাছির চৌধুরী বলেন, বিএনপির মতো বিশাল সংগঠনে নেতৃত্বের প্রতিযোগিতা থাকাটা খুবই স্বাভাবিক। তবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ব্যক্তির চেয়ে দল বড় এবং দলের চেয়ে দেশ বড়। তাই দল ও এলাকার উন্নয়নের স্বার্থে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের ঐক্যবদ্ধভাবে বিজয় ছিনিয়ে আনতে হবে।

দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে কথা বললে তারা অত্যন্ত আনন্দের সঙ্গে বলেন, নাছির চৌধুরীর নেতৃত্বে চার ভাগে বিভক্ত দলের মধ্যে যে ঐক্য ফিরে এসেছে, তাতে তারা সত্যিই আনন্দিত। সকল নেতাকর্মী এখন উজ্জীবিত। তারা বিশ্বাস করেন, সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে ধানের শীষ অবশ্যই বিজয়ী হবে। তারা আরও আশা প্রকাশ করেন, জীবনের শেষ প্রান্তে এসে জননেতা নাছির উদ্দীন চৌধুরীর নেতৃত্বে উন্নয়ন বঞ্চিত দিরাই-শাল্লায় উন্নয়নের ছোঁয়া লাগবে। তাদের দলের এই ঐক্যের সুর শুধুমাত্র নেতাকর্মী নয়, গ্রামের সাধারণ ভোটারদেরও উজ্জীবিত করে তুলেছে। ইনশাআল্লাহ, তারা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।