সিলেটে কাল থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘হাছন উৎসব-২০২৫’

সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘হাছন উৎসব-২০২৫’। হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত এই উৎসব প্রতিদিন বিকেল সাড়ে ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। মূলত মরমী কবি হাছন রাজার জন্মদিন উপলক্ষে তাঁর জীবন দর্শন ও লোকসংস্কৃতিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এই আয়োজন। উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা গবেষক ও শিল্পীরা হাছন রাজার গান, কবিতা ও জীবন নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন। উল্লেখ্য, ২০ ডিসেম্বর উৎসবটি শুরু হওয়ার কথা থাকলেও শহীদ ওসমান হাদীর মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের প্রতি সম্মান জানিয়ে তা একদিন পিছিয়ে ২১ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। আয়োজকরা এই আনন্দময় উৎসবে সর্বস্তরের মানুষকে সপরিবারে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন।