সিলেট কোতোয়ালীতে মাদকবিরোধী অভিযান: বিপুল পরিমাণ চোলাই মদ ও গাঁজাসহ ৬ জন আটক

সিলেট নগরীর কোতোয়ালী মডেল থানার কাষ্টঘর এলাকায় একটি বিশেষ টাস্কফোর্স অভিযান চালিয়েছে। এই অভিযানে ছয়জন মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) ভোরবেলা এই অভিযান পরিচালিত হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী (৩৪ বীর), র‍্যাব-৯ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট এতে যৌথভাবে অংশ নেয়। অভিযানকালে ১৯৩ লিটার চোলাই মদ এবং ২ কেজি ১৯০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে মোট ১৫টি নতুন ও পুরাতন মোবাইল ফোন উদ্ধার করেছে টাস্কফোর্স। আটককৃত ব্যক্তিরা হলেন: কাষ্টঘর সুইপার কলোনীর বিশাল (২৩), সুব্রত (২১), রাজা (২০), করণলাল (২২) এবং শান্তি লাল (৪০)। আরেকজন আটককৃত হলেন জালালাবাদ থানার টিলারগাঁও এলাকার বাসিন্দা আকাশ (২৩)। পুলিশ জানায়, প্রথম পাঁচজন আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া শান্তি লালের বিরুদ্ধে একটি সাজা পরোয়ানা সহ মোট চারটি পরোয়ানা কার্যকর আছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটক সকল ব্যক্তিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।