সাংবাদিকতায় রোটারি ভোকেশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন সুবর্ণা হামিদ

সিলেটের সামাজিক ও সেবামূলক অঙ্গনের অন্যতম সক্রিয় সংগঠন সিলেট মিডটাউন রোটারি ক্লাবের উদ্যোগে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘ভোকেশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড–২০২৬’ প্রদান করা হয়েছে। গত শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় নগরের একটি অভিজাত হোটেলের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন পেশায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট ব্যক্তিদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

​চলতি বছর সাংবাদিকতায় পেশাগত উৎকর্ষের জন্য মর্যাদাপূর্ণ এই সম্মাননা অর্জন করেছেন উইমেন্স জার্নালিস্ট ক্লাবের সভাপতি সাংবাদিক সুবর্ণা হামিদ। তার পাশাপাশি চিকিৎসা সেবায় বিশেষ অবদানের জন্য ভিক্টোরিয়া হাসপাতালের চিফ কনসালটেন্ট গাইনোকোলজিস্ট ডা. তানভীরুল আরেফিন এবং উদ্যোক্তা ও শিল্পখাতে জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত প্রতিষ্ঠান ‘দুধওয়ালা’-এর কর্ণধার তরুণ উদ্যোক্তা শাকিলউজ্জামানকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

​ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান সেলিনা আক্তার চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট–৬৫ (বাংলাদেশ)-এর কো-অর্ডিনেটর (অ্যাডমিন) রোটারিয়ান সিপি কামরুজ্জামান চৌধুরী রুম্মান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রোগ্রাম চেয়ারম্যান পিপি রোটারিয়ান প্রফেসর মোহাম্মদ জাকির আলী এবং স্বাগত বক্তব্য প্রদান করেন ক্লাব ফ্যাসিলিটেটর রোটারিয়ান পিপি মো. আতিকুর রেজা চৌধুরী।

​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান বাহা উদ্দিন বাহার এবং ক্লাব সেক্রেটারি রোটারিয়ান মিয়া মোহাম্মদ রুস্তমের নেতৃত্বে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশিত হয়। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে অলংকৃত করেন ডেপুটি কো-অর্ডিনেটর রোটারিয়ান পিপি শাহ জামাল আহমদ এবং কো-অর্ডিনেটর রোটারিয়ান পিপি অ্যাডভোকেট আব্দুল হাফিজ।

​পুরস্কার প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট নমিনি রোটারিয়ান এ এস এম জি কিবরিয়া, সাংবাদিক সাদিকুর রহমান সাকী, সাংবাদিক মামুন হোসেন, উইমেন্স জার্নালিস্ট ক্লাবের সেক্রেটারি শাকিলা ববিসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং রোটারি ক্লাবের নেতৃবৃন্দ। সবশেষে ক্লাব প্রেসিডেন্টের আমন্ত্রণে নৈশভোজের মধ্য দিয়ে বর্ণাঢ্য এই আয়োজনের সমাপ্তি ঘটে।