সিলেটে দারুল ফালাহ্ মডেল মাদ্রাসায় বই উৎসব ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

সিলেটের দারুল ফালাহ্ মডেল মাদ্রাসায় আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বই উৎসব ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নতুন শিক্ষাবর্ষের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে এই আনন্দঘন উৎসব উদযাপন করে প্রতিষ্ঠানটি।
বছরের প্রথম দিনেই নতুন বইয়ের ঘ্রাণে মুখরিত হয়ে ওঠে দারুল ফালাহ্ মডেল মাদ্রাসা প্রাঙ্গণ। মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মামুনুর রশীদের সভাপতিত্বে আয়োজিত এই বই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর মাহমুদুল হাসান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন মাদ্রাসার একাডেমিক কো-অর্ডিনেটর মোহাম্মাদ আফজাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী এবং ম্যানেজিং ডাইরেক্টর আব্দুল্লাহ আল মাহমুদ। অতিথিরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে ওঠার আহ্বান জানান। উৎসবের মূল আকর্ষণে দুই শতাধিক শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়। নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা এক আনন্দমুখর পরিবেশে নতুন শিক্ষাবর্ষের যাত্রা শুরু করে।