ধোপাজান নদীতে বালু খেকোদের বিরু*দ্ধে সাঁড়াশি অভি*যানে চারটি নৌকাসহ তিনজন আট*ক।

সরকারি নির্দেশনা অমান্য করে সুনামগঞ্জ সদর উপজেলার বহুল আলোচিত ধোপাজান নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে বালু ভর্তি চারটি নৌকা জব্দ করা হয়েছে এবং হাতেনাতে তিনজনকে আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) ভোররাতে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএম-এর নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এএসআই আরিফ। এ সময় থানার স্পিডবোট ব্যবহার করে নদীর মাঝখান থেকে চুরির উদ্দেশ্যে বালু উত্তোলনরত অবস্থায় চারটি নৌকা জব্দ করা হয়।

পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ধোপাজান নদীতে একটি চক্র সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নদীর মাঝখান থেকেই অভিযুক্তদের আটক করা সম্ভব হয়।

আটককৃতরা হলেন—
১. মোঃ জয়নাল আবেদীন (৪৬), পিতা: মৃত আব্দুল মজিদ
২. মোঃ অনিক হাসান (২২), পিতা: মৃত আজিজুল ইসলাম
৩. মোঃ রেজাউল করিম (২৩), পিতা: আবুল বাসার
সকলের বাড়ি সৈয়দপুর গ্রাম, সুরমা ইউনিয়ন, থানা- সুনামগঞ্জ সদর, জেলা- সুনামগঞ্জ।

এ ঘটনায় সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর- ৮, তারিখ- ০৬ ফেব্রুয়ারি ২০২৬। মামলায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা এবং দণ্ডবিধি ১৮৬০-এর ৩৭৯ ধারা (চুরি) অনুযায়ী অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই সরকারি নির্দেশনা অমান্য করে প্রাকৃতিক সম্পদ লুটপাট করতে দেওয়া হবে না।

স্থানীয়রা পুলিশের এই অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, নিয়মিত অভিযান হলে নদীভাঙন ও পরিবেশগত ক্ষতি অনেকাংশে রোধ করা সম্ভব হবে।