বিয়ানীবাজার ফুটপাত দখল করে ব্যাবসা, একশনে যাচ্ছে প্রশাসন

বিয়ানীবাজার উপজেলা প্রতিনিধি

বিয়ানীবাজার পৌর শহরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা ও অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের কারণে দিন দিন বাড়ছে যানজট। এতে পথচারীদের চলাচলে সৃষ্টি হচ্ছে মারাত্মক ভোগান্তি। জনদুর্ভোগের এই চিত্র ইতোমধ্যে ব্যাপকভাবে আলোচিত সমালোচিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়ে নড়েচড়ে বসেছে প্রশাসন। জনদুর্ভোগ কমাতে দ্রুত পদক্ষেপ নিতে শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে পৌর শহরের ট্রাফিক পরিস্থিতি নিয়ে একাধিক প্রতিবেদন প্রচারিত হলে, বিষয়টি আরও নজরে আসে প্রশাসনের। এসব প্রতিবেদনে ফুটপাত দখল, অবৈধ পার্কিং এবং জনদুর্ভোগের চিত্র স্পষ্টভাবে তুলে ধরা হয়।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসকের দায়িত্বে থাকা গোলাম মুস্তফা মুন্না জানান, ব্যবসায়ীদের সাথে কয়েকবার আলোচনা করে জায়গা ও সময় নির্ধারণ করে দিলেও অবৈধ দখলকৃত জায়গা ছাড়ছেন না তারা।স্বেচ্ছায় দখলকৃত জায়গা না ছাড়লে একশন যাবে প্রশাসন। এ বিষয়ে আগামী ৩১ জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়ে পৌর শহরজুড়ে মাইকিং করে প্রচারণা চালাচ্ছে প্রশাসন। যদি এর আগে তারা জায়গা না ছাড়ে তাহলে আগস্টে শুরু থেকে একশনে যাবে প্রশাসন।

এছাড়া, পৌর শহরের বিভিন্ন স্থানে স্থাপিত ডিভাইডারগুলো যেন পরিণত হয়েছে গরুর গোয়ালঘরে। ব্যবসায়ীরা ডিভাইডারের পাশে ফেলে রাখছেন পচা সবজি, আবর্জনা ও বর্জ্য পদার্থ। গবাদি পশু সেখানে বিচরণ করছে অবাধে। ফলে ওইসব জায়গা থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ, যা জনস্বাস্থ্যের জন্যও হুমকি হয়ে উঠছে।

এরই ধারাবাহিকতায় পৌর শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ইতোমধ্যে ডিভাইডার স্থাপনের কাজ শুরু হয়েছে। ডিভাইডার বসানোর ফলে যানবাহনের চলাচল হবে সুশৃঙ্খল এবং দুর্ঘটনার ঝুঁতিও কমে আসবে বলে আশা করা হচ্ছে।