সুনামগঞ্জ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন জগন্নাথপুরের রানা

জাতীয় নাগরিক পার্টি–এনসিপির সুনামগঞ্জ জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামের ডা. সাজ্জাদ হোসেন রানা।

গত ৫ নভেম্বর দলটির সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলীয় মূখ্য সংগঠক সারজিস আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়।

৭৭ সদস্যের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটিতে মরমি কবি হাসন রাজার প্রপৌত্র ও হাসন রাজা ট্রাস্টের সাধারণ সম্পাদক দেওয়ান সাজাউর রাজা চৌধুরীকে আহ্বায়ক ও রামেন্দু মজুমদারকে সদস্যসচিব করা হয়েছে।

এই আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে ২৯টি পদ ও সদস্যপদে রাখা হয়েছে ৪৮ জনকে। ২৯টি পদের মধ্যে আহ্বায়ক ও সদস্যসচিব ছাড়া যুগ্ম আহ্বায়ক ৭ জন, যুগ্ম সদস্যসচিব ৭, সাংগঠনিক সম্পাদক ১২ এবং জুলাই গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক পদে ১ জনকে রাখা হয়।

এ ব্যাপারে কমিটির সাংগঠনিক সম্পাদক পদে স্থান পাওয়া ডা. সাজ্জাদ হোসেন রানা বলেন, সুনামগঞ্জ জেলা আহবায়ক কমিটির সাংগঠনিক সম্পাদক (জগন্নাথপুর) পদে দায়িত্ব পাওয়ায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটি আমার জন্য গৌরব ও দায়িত্বের প্রতীক। দলের নীতি-আদর্শ ও নেতৃত্বের প্রতি শ্রদ্ধা রেখে সংগঠনকে আরও গতিশীল ও জনমুখী করে গড়ে তুলতে কাজ করে যাব। জগন্নাথপুরে দলের অবস্থান সুদৃঢ় করতে সকলের সহযোগিতা কামনা করছি।