শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে শাল্লায় মানববন্ধন

শাহবাগে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যৌক্তিক ১০ম গ্রেড বাস্তবায়নের শান্তিপূর্ন আন্দোলনে শিক্ষকদের ওপর পুলিশের হামলার ঘটনার প্রতিবাধে মানববন্ধন করেছে শাল্লা উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকবৃন্দ।
রোববার (৯ নভেম্বর) বিকাল ৪:৩০ ঘটিকার সময় শাল্লা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সহকারী শিক্ষকদের যৌক্তিক ১০ম গ্রেড বাস্তবায়নের শান্তিপূর্ন আন্দোলনে পুলিশের অমানবিক এবং র্ববরোচিত আচরনের বিরুদ্ধে মানববন্ধনে বক্তারা বলেন, আপনারা দেখেছেন ঢাকার শাহবাগে কীভাবে সরকারের পেটুয়া বাহিনী শিক্ষকদের উপর হামলা চালিয়েছে। জাতির কারিগর শিক্ষকরা কোনো সন্ত্রাসী নয়, কোনো ঘুষখোর নয়, যে এভাবে অপমান-অপদস্থ করতে হবে। ন্যায্য দাবির জন্য কথা বললেই কি শিক্ষকদের রক্তাক্ত করতে হবে। বক্তারা এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান, শিক্ষকরা হচ্ছে দেশ এবং জাতি গঠনের কারিগর। তাদের ন্যূনতম অধিকার চাইতে গিয়ে শিক্ষকদের লাঞ্ছিত করা হয়েছে। শিক্ষকদের গায়ে হাত তুলে শিক্ষক সমাজকে অপমানিত করা হয়েছে। যেই দেশে শিক্ষক লাঞ্ছিত হয়, সেই দেশে ভালো মানুষ তৈরি হতে পারে না। বক্তারা বলেন, আমাদের সহকর্মীরা আমাদের জন্য আন্দোলন করতে গিয়ে আহত হচ্ছে, আমাদেরও ঘরে বসে থাকলে চলবে না আমারাও আমাদের সহকর্মীদের সাথে আন্দোলনে যোগদান করতে হবে এবং শিক্ষক বক্তারা সরকারের শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।