ঢাকায় পুলিশি হামলার প্রতিবাদে দিরাইয়ে শিক্ষকদের মানববন্ধন

ঢাকায় সহকারী শিক্ষকদের যৌক্তিক দশম গ্রেড সহ তিন দফা দাবি বাস্তবায়নের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের অমানবিক ও এবং বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করেন সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার শিক্ষকবৃন্দ। আজ সোমবার (১০ নভেম্বর) বিকাল সাড়ে চার ঘটিকায় দিরাই থানা পয়েন্টে উক্ত কর্মসূচি পালিত হয়। দিরাই উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক সজিদ মিয়ার সভাপতিত্বে ও দিরাই উপজেলার সাকিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলজার হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আবু হেনা চৌধুরী, বকুল রায়, নরোত্তম রায়, রুহুল আমিন, বিশ্বজিৎ রায়, দেবেশ তাং, ইমন সানোয়ার হোসেন, বাবলু সরকার, সহকারী শিক্ষিকা রিমা রায় প্রমুখ। এসময় বক্তারা বলেন, ঢাকায় আমাদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের বর্বরোচিত হামলায় একজন শিক্ষক নিহত হয়েছেন। আমরা এর তীব্র প্রতিবাদ সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। অন্যথায় আমরা দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তুলব । এছাড়া আমাদের তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবনা।