নেত্রকোনায় শিক্ষকের আঘাতে ৫ম শ্রেণির ছাত্র অজ্ঞান, হাসপাতালে ভর্তি

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রকে বরফ জমাট পানির বোতল দিয়ে মাথায় আঘাত করে অজ্ঞান করে ফেলার অভিযোগ উঠেছে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। আহত ছাত্রের নাম মুগ্ধ তালুকদার (১১)। সে বর্তমানে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ভুক্তভোগী ও লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে রাজিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে বেঞ্চে কলমের কালি লাগানোর ঘটনাকে কেন্দ্র করে এই অমানবিক ঘটনা ঘটে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাউসার আহমেদ ক্ষিপ্ত হয়ে মুগ্ধকে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে তিনি তার হাতে থাকা শক্ত বরফ জমাট পানির বোতল দিয়ে ছাত্রের মাথায় একাধিকবার আঘাত করলে সে ক্লাসেই জ্ঞান হারিয়ে ফেলে। পরে অন্যান্য শিক্ষকরা মাথায় পানি ঢেলে তার জ্ঞান ফিরিয়ে আনেন।

​অভিযোগ রয়েছে, ঘটনাটি কাউকে জানালে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকিও দেন ওই শিক্ষক।

মুগ্ধর পরিবার জানায়, ঘটনার দিন রাতে সে কয়েক দফা বমি করে এবং তার কান দিয়ে রক্ত বের হতে থাকে। মঙ্গলবার সকালে তাকে প্রথমে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা গুরুতর দেখে দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে শিশুটি শারীরিক ও মানসিকভাবে প্রচণ্ড আতঙ্কগ্রস্ত অবস্থায় রয়েছে।

অভিযুক্ত শিক্ষক কাউসার আহমেদ ঘটনার পর থেকে বিদ্যালয়ে অনুপস্থিত এবং তার সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, ওই শিক্ষক এলাকায় অত্যন্ত রাগী ও উগ্র মেজাজের হিসেবে পরিচিত।

​খালিয়াজুরী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আজিমেল কদর জানান, ঘটনাটি তদন্তের জন্য একজন সহকারী শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলেই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

​খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।