তাহিরপুরে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ১: আটক ৭

​সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক পুলিশ সদস্য। গত বুধবার রাত সাড়ে আটটার দিকে তাহিরপুর সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামের আশরাফুল মিয়ার দোকানে এই ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যের নাম মিন্টু মিয়া বলে জানা গেছে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানার এসআই মোহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হলে উপস্থিত একদল যুবক উত্তেজিত হয়ে পড়ে। আটককৃত ব্যক্তিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টায় তারা দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।

​এই হামলায় পুলিশ সদস্য মিন্টু মিয়া আহত হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত সহকর্মীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায়। অভিযানকালে হামলার সাথে জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকেই সাতজনকে আটক করে পুলিশ।

​তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং আটককৃত সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।