আটগ্রাম কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

দেশকে এগিয়ে নিতে প্রতিটি মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক সিভিল সার্জন ও ডা. সৈয়দ মোনাওয়ার আলী আটগ্রাম কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ ডা. সৈয়দ মোনাওয়ার আলী।

 তিনি বলেন, “দেশ পরিবর্তন করতে প্রতিটি মানুষকে দেশপ্রেমিক হতে হবে। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, তাদের সুনাগরিক হিসেবেও গড়ে উঠতে হবে।

শনিবার (২৭ জুন) সৈয়দ সুরুজ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে আয়োজিত ১৪তম এসএসসি মেধাবৃত্তি পরীক্ষা, ডা. সৈয়দ মোনাওয়ার আলী আটগ্রাম কলেজের এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় এবং কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ সাইফুল আলম ইমরানের সভাপতিত্বে এবং সৈয়দ কুতবুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল ওয়াহাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সজ্জাদ আলী এবং আলহাজ্ব আব্দুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিরুল ইসলাম।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. সৈয়দ মোনাওয়ার আলী আটগ্রাম কলেজের প্রিন্সিপাল পিন্টু চন্দ্র দাস, এম সাইফুর রহমান কলেজের প্রভাষক যাবেদ মোশাররফ, আলহাজ্ব আব্দুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মনির হোসেন, আলহাজ্ব আব্দুল ওয়াহাব উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফয়জুর রহমান, শিরিলব চৌধুরী চাইল্ড কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল মো. শাহ আজিজ, কামরিবীজের মো. আশিক মিয়া এবং নগদীপুরের সৈয়দ আনর আলীসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে এসএসসি মেধাবৃত্তি পরীক্ষায় নির্বাচিত মোট সাতজন শিক্ষার্থীর হাতে নগদ অর্থ, ক্রেস্ট, প্রশংসাপত্র, স্কুলব্যাগ ও অন্যান্য শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। পাশাপাশি তাদের জন্য ডা. সৈয়দ মোনাওয়ার আলী আটগ্রাম কলেজে বিনামূল্যে ভর্তির বিশেষ সুযোগ ঘোষণা করা হয়।
পরে সৈয়দ কুতবুল আলমের পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।