শাল্লায় ধান কর্তন উৎসব উদযাপিত!

সুনামগঞ্জের শাল্লায় বোরোধান কর্তন উৎসব পালন করা হয়েছে। মঙ্গলবার সাড়ে এগারোটায় ছায়ার হাওরে পুটিয়ার বন্দে কৃষক আব্দুল আজিজ মিয়ার বোরো জমিতে কর্তন উৎসবটি পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের আয়োজনে এসময় বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস, কৃষি কর্মকর্তা শুভজিৎ রায়,উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল আওয়াল। এসব বক্তারা বলেন, হাওরের অধিকাংশ ধানই পরিপক্ব। অতি বৃষ্টির কারনে কিছুটা সমস্যা হচ্ছে। বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা কম থাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। তবে আশি ভাগ পরিপক্ব হলেই সেই জমির ধান কর্তনের কথা জানান কৃষি কর্মকর্তা শুভজিৎ রায়। তিনি বলেন, এবছর ফলন মোটামুটি অনেক ভাল হয়েছে। ২১৭০০ হেক্টর বোরোধান চাষ করা হয়েছে। সেখান থেকে আমাদের উৎপাদন লক্ষ্যমাত্র ছাড়িয়ে যাবে। তবে হাওরাঞ্চলে শিলাবৃষ্টি ও পাহাড়ি ঢলের একটা ভয় থাকে। সেজন্য ধান আশি ভাগ পরিপক্ব হলেই কেটে ফেলতে হবে। তিনি বলেন আমরা উত্তরাঞ্চল থেকে কৃষি শ্রমিক আনার চেষ্টা চালাচ্ছি, আপনারা স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে শ্রমিক বৃদ্ধির কাজটি করতে পারেন। আমাদের শাল্লায় যে পরিমাণ ধান উৎপাদন হবে সেটা জাতীয় অর্থনীতিতে বড় একটা অবদান রাখবে বলে জানান তিনি।

ধান কর্তন উৎসবে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুবুর রহমান অপু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নিত্যানন্দ দাস নিতাই, অবসরপ্রাপ্ত প্রভাষক ও সামাজিক সংগঠন হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি তরুণ কান্তি দাস, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী ওবাইদুল হক, উপজেলা কৃষকদলের সদস্য সচিব হাবিবুর রহমান হাবুল, যুগ্ম আহ্বায়ক একরামুল হোসেন, যুবদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ দুলাল সহ বিভিন্ন অফিসের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।

এদিকে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠান পালন করা হয়েছে। সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বৈশাখী শোভাযাত্রা র্যালী বের করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করা হয়। এসময় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি সহ বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন।