ওসমানী মেডিকেল এলাকায় ছিনতাইকারীকে ধরতে গিয়ে আহত ৪

সিলেট নগরীর এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় ছিনতাইকারীকে আটক করতে গিয়ে চারজন আহত হয়েছেন। শনিবার রাতে হাসপাতালের ভেতরে এ ঘটনা ঘটে।
জানা যায়, এক ব্যক্তিকে ছিনতাইয়ের সময় স্থানীয় লোকজন অভিযুক্তকে আটকানোর চেষ্টা করলে তিনি ধারালো অস্ত্র বের করে হামলা চালান। এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি।
এ ঘটনায় আহত হন আব্বাস, সোহেল, আফসান ও নাঈম। আহতদের মধ্যে একজনের চোখে গুরুতর আঘাত রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানান, হামলার ঘটনায় অভিযুক্ত রুহুল আমিন নামে এক ব্যক্তি জড়িত। তিনি আখালিয়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে বলে দাবি স্থানীয়দের।
এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে হাসপাতাল এলাকায়। অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।