দিরাই উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান প্রবাসী বিএনপি নেতা মিজানুর রহমান

সুনামগঞ্জের দিরাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন প্রবাসী ও সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান মিজান। তিনি বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করলেও খুব শিগগিরই দেশে ফিরে নির্বাচনী কার্যক্রমে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।

মিজানুর রহমান মিজান যুক্তরাজ্যস্থ ওল্ডহ্যাম বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক ছাত্রনেতা হিসেবে পরিচিত।

তিনি জানান, দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত দিরাই উপজেলাকে আধুনিক ও পরিকল্পিত একটি উপজেলায় রূপান্তরের লক্ষ্য নিয়েই তিনি নির্বাচনে অংশ নিতে চান।

তার এ ঘোষণার পর থেকেই উপজেলাজুড়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।

প্রবাস জীবনে থেকেও দীর্ঘদিন ধরে নিজ এলাকার মানুষের কল্যাণে কাজ করে আসছেন বলে দাবি করেন মিজানুর রহমান। তিনি বলেন, স্থানীয় জনগণের প্রাপ্য অধিকার ফিরিয়ে দেওয়া এবং কাঙ্ক্ষিত উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে দিরাই উপজেলাকে আধুনিক রূপে গড়ে তুলতে সর্বস্তরের সহযোগিতা প্রয়োজন।

এদিকে তিনি উপজেলার সর্বস্তরের মানুষের কাছে দোয়া, আশীর্বাদ ও সমর্থন কামনা করেছেন।

উল্লেখ্য, মিজানুর রহমান মিজান দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তারাপাশা গ্রামের শেখ আলতাব মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন যুক্তরাজ্যে অবস্থান করলেও নিয়মিত নিজ এলাকার সঙ্গে যোগাযোগ রক্ষা করে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।