দীর্ঘ ৩৯ বছরের শিক্ষকতা শেষে দিরাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সব্যসাচী দাস চয়নকে আবেগঘন বিদায়।

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:

দীর্ঘ প্রায় চার দশকের বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের অবসান ঘটিয়ে অবসরে গেলেন সুনামগঞ্জের দিরাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সব্যসাচী দাস চয়ন। এ উপলক্ষে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় বিশিষ্টজনদের উপস্থিতিতে এক আবেগঘন বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার (৩০ জুন) বিকেল সাড়ে ৪টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষককে ফুলেল শুভেচ্ছা, উত্তরীয় ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রিয় শিক্ষককে শেষবারের মতো শুভেচ্ছা জানাতে বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হন শতাধিক বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী। স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
বিদায়ী বক্তব্যে সব্যসাচী দাস চয়ন বলেন, “এই বিদ্যালয়েই আমার ছাত্রজীবনের পাঁচটি বছর কেটেছে। পরে প্রায় ৪০ বছর শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি। দায়িত্ব পালনের সময় অনিচ্ছাকৃত কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে শিক্ষার্থী, সহকর্মী ও অভিভাবকদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।” বক্তব্যের একপর্যায়ে তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন।
দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীকে উচ্চশিক্ষা ও কর্মজীবনে প্রতিষ্ঠিত হতে অনুপ্রাণিত করেছেন। তাঁর অনেক শিক্ষার্থী বর্তমানে সরকারি ও বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কয়েকজন শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীও আবেগাপ্লুত হয়ে পড়েন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিবেশ রঞ্জন দাসের সঞ্চালনায় এবং পরিচালনা কমিটির সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার। বিদায়ী প্রধান শিক্ষকের পক্ষে বক্তব্য দেন তাঁর ছোট ভাই ও দিরাই ডিগ্রি কলেজের প্রভাষক সন্দীপন কুমার দাস।
এ ছাড়া বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাহমুদুর হাসান অলেক, সিনিয়র শিক্ষক মো. হারুন-অর-রশীদ চৌধুরী, বজ্রবল্লভ দাস, মো. আব্দুর নুর, রওশন আরা খাতুন, কৃপেশ রঞ্জন রায়, মো. আব্দুস সালাম, মনিকা রায়সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা কমিটির সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সব্যসাচী দাস চয়ন ১৯৮৭ সালের ৭ নভেম্বর দিরাই উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। ২০১১ সালে দুই দফা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন শেষে একই বছরের ৪ আগস্ট প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর টানা প্রায় ১৪ বছর ১০ মাস প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। সব মিলিয়ে দিরাই উচ্চ বিদ্যালয়ে তাঁর কর্মজীবনের সময়কাল ৩৮ বছর ৮ মাস ২৩ দিন।