খালিয়াজুরীতে উত্তেজনাপূর্ণ ফুটবল ম্যাচে বলরামপুর একাদশের জয়

খেলাধুলাই হোক সমাজ গড়ার হাতিয়ার”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের বলরামপুর বন্ধু মহলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক প্রীতি ফুটবল ম্যাচ। অস্থায়ী খেলার মাঠে আয়োজিত এ ম্যাচকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

ম্যাচে মুখোমুখি হয় বলরামপুর একাদশ ও সাতগাঁও একাদশ। খেলার শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ও নৈপুণ্যপূর্ণ ফুটবল উপহার দেয় দর্শকদের। টানটান উত্তেজনাপূর্ণ এ খেলায় শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জয় তুলে নেয় বলরামপুর একাদশ।

খেলা শেষে আয়োজকরা জানান, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া আয়োজন তরুণদের সুস্থ ও ইতিবাচক ধারায় এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন মেন্দিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মান্নান চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন খালিয়াজুরী উপজেলা বিএনপির নেতা কায়সার কামাল সেকুল, চন্দন কুমার দে, আলমগীর হোসেন তালুকদার, সালাম মাস্টার, ৩নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি রশিদ খান, সাংগঠনিক সম্পাদক মোঃ বাচ্চু খান, অলক জোয়ারদার বন্ধু মহলের সভাপতি এবং লিটন সরকার বন্ধু মহলের সাধারণ সম্পাদকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক দর্শক।