সিলেটের গোয়াইনঘাটে সংবাদকর্মীর উপর হামলা-প্রধান আসামি গ্রেফতার

সিলেটের গোয়াইনঘাটে মাইটিভির উপজেলা প্রতিনিধি হুমায়ুন আহমদের ওপর হামলা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। মঙ্গলবার গ্রেফতারকৃত একাধিক মামলার আসামি বদরুলকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। আদালতে নেওয়ার পর তার ভিডিও ধারণকালে সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেয় বদরুল। এঘটনায় সাংবাদিক হুমায়ুন আহমদসহ অন্য সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভূগছেন।

গত ৬ জুলাই গোয়াইনঘাট উপজেলার লেংগুরা গ্রামে যৌথবাহিনীর অভিযানের পর নিউজ সংগ্রহ করে আসার পথে অবৈধ বালুপাথর উত্তোলমকারী সিন্ডিকেটের সদস্যরা বদরুলের নেতৃত্বে সাংবাদিক হুমায়ুন আহমদের ওপর পূর্ব পরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর অবস্থা হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে । দীর্ঘদিন চিকিৎসা শেষে গোয়াইনঘাট থানায় এসে মামলা দায়ের করিলে গোয়াইনঘাট থানা পুলিশ এই মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেন। বাকি আসামিদের গ্রেফতারের চেস্টা চলছে।