তাহিরপুরে ২০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি কালাম গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক ঝটিকা অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ কামাল হোসেন ওরফে কালাম উদ্দিন নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার বিকেলে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মানিগাঁও গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত কালাম উদ্দিন ওই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

​সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি বিশেষ টিম মানিগাঁও গ্রামে অভিযান চালায়। অভিযানে কালাম উদ্দিনের নিজ বসতঘরের বারান্দায় তল্লাশি চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কালাম উদ্দিন মাদক ব্যবসার মাধ্যমে এলাকার যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে তাহিরপুরে আসা পর্যটকদের কাছে ছোট ছোট শিশুদের মাধ্যমে সে কৌশলে বিদেশি মদ ও ইয়াবা সরবরাহ করে আসছিল।

​ডিএনসি জানিয়েছে, গ্রেপ্তারকৃত কালাম উদ্দিন একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং ইতিপূর্বেও তার বিরুদ্ধে তাহিরপুর থানায় একাধিক মাদক মামলা রয়েছে। সে মূলত সীমান্ত এলাকা দিয়ে মাদক এনে জেলাজুড়ে সরবরাহ করত। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ আমিনুল কবির বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাহিরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।