দিরাই পৌরসভার উন্নয়নে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী আবুল হাসনাত রিপন

সুনামগঞ্জের দিরাই পৌরসভার আসন্ন নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন সম্ভাব্য মেয়র প্রার্থী ও সাবেক ছাত্রদল নেতা আবুল হাসনাত রিপন। শনিবার দুপুরে দিরাই পৌর শহরে অবস্থিত নিজ কার্যালয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে এই সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে আবুল হাসনাত রিপন উল্লেখ করেন যে, বর্তমান সরকারের পক্ষ থেকে দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতির কথা জানানো হয়েছে। বিশেষ করে দলীয় প্রতীক ব্যতীত নিরপেক্ষ নির্বাচনের ঘোষণার প্রেক্ষিতে তিনি জনগণের প্রত্যক্ষ সেবায় নিজেকে নিয়োজিত করতে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, পৌরসভাকে একটি শক্তিশালী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা তাঁর অন্যতম লক্ষ্য। উন্নত দেশগুলোর স্থানীয় সরকার ব্যবস্থার আদলে নাগরিকদের সরাসরি সম্পৃক্ত করে সব ধরনের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করতে চান তিনি। একটি নিরাপদ ও আধুনিক পৌরসভা গঠনে তিনি দিরাইয়ের সাধারণ ভোটার ও সচেতন নাগরিকদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

রিপন তাঁর পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে শিক্ষা, কৃষি ও সংস্কৃতির প্রসারে সব কাজ হবে জনগণের মতামতের ভিত্তিতে। তিনি দৃঢ়ভাবে ব্যক্ত করেন যে, নির্বাচিত হলে দল-মতের ঊর্ধ্বে উঠে সবার সহযোগিতায় তিনি দিরাইকে একটি মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত এবং আধুনিক মডেল পৌরসভায় রূপান্তর করবেন। সভায় স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।