দিরাইয়ে পুলিশের জালে ৩ চিহ্নিত চোর গ্রেপ্তার

সুনামগঞ্জের দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা চোর চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

​থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দিরাই থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

​গ্রেপ্তারকৃতরা হলেন দিরাই উপজেলার ঘাগটিয়া গ্রামের নুরুল আমিন ও আফাজ মিয়া এবং ভাঙ্গাডহর গ্রামের টিটু দাস।

​পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন চুরির ঘটনার সাথে জড়িত এবং তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

​এলাকার জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ।

​পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং চোর চক্রের বাকি সদস্যদের ধরতেও পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে।