একই সাথে বিষপান, কয়েক ঘণ্টার ব্যবধানে না ফেরার দেশে স্বামী-স্ত্রী

সুনামগঞ্জের দিরাই উপজেলায় পারিবারিক কলহের জেরে এক নবদম্পতি বিষপান করে আত্মহত্যা করেছেন। নিহতরা হলেন রফিনগর ইউনিয়নের মির্জাপুর গ্রামের মাহফুজ (১৯) ও তার স্ত্রী মনিকা বেগম (১৮)। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমের সম্পর্কের সূত্র ধরে সামাজিকভাবে তাদের বিয়ে হলেও গত কয়েকদিন ধরে তাদের মধ্যে ব্যক্তিগত নানা বিষয়ে মনোমালিন্য চলছিল।

এরই ধারাবাহিকতায় রবিবার দুপুরে তারা দুজনেই বিষপান করেন। স্বজনরা টের পেয়ে দ্রুত তাদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মনিকাকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় মাহফুজকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তারও মৃত্যু হয়।

রফিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শৈলেন্দ্র কুমার তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি, তবে পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।