দিরাইয়ে জন্ম নিবন্ধন নিয়ে নৈরাজ্য: কুলঞ্জ ইউপি সচিবের বিরুদ্ধে ইউএনওতে অভিযোগ

সরকারি সেবার নামে সাধারণ মানুষের সাথে প্রতারণা ও অর্থ আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়ন পরিষদের সচিব স্বপন তালুকদারের বিরুদ্ধে। নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত টাকা দিতে বাধ্য হওয়া ভুক্তভোগীদের পক্ষে সম্প্রতি দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিচার চেয়েছেন সাংবাদিক কামরুল হাসান মিটু। অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, গ্রামবাসীর সরলতার সুযোগ নিয়ে জন্ম নিবন্ধনের জন্য অবৈধভাবে অতিরিক্ত অর্থ পকেটস্থ করছেন সংশ্লিষ্ট সচিব। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে  কল রেকর্ড  ছড়িয়ে পড়লে উপজেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয় এবং স্থানীয় প্রশাসনের নজরে আসে। ইউপি চেয়ারম্যান তদন্তের পক্ষে মত দিলেও সচিবের এই দীর্ঘদিনের অনিয়ম বন্ধে কঠোর হস্তক্ষেপ চাইছে ইউনিয়নবাসী। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইতিমধ্যে তদন্তের ঘোষণা দিয়েছেন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন।